প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৬

কম্বলের প্রলোভনে বিধবাকে ধর্ষণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি,  কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় শীতের কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক অসহায় বিধবা নারীকে (৪৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. কাউছার (৪০) নিজেকে জামায়াতের একজন সক্রিয় সমর্থক হিসেবে দাবি করেছেন। এ ঘটনায় গত রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত কাউছার উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে কাউছার ওই নারীকে একটি সংস্থার মাধ্যমে টয়লেটের রিং-স্ল্যাব সরবরাহ করে সহযোগিতা করেছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। গত ২৭ ডিসেম্বর কাউছার ওই নারীকে ফোন করে জানান যে, তার জন্য একটি শীতের কম্বল বরাদ্দ আছে। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে ওই নারী কম্বল আনতে কাউছারের বাড়িতে গেলে, সেখানে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘ঘটনাটি কাউকে জানালে আমাকে এবং আমার ২০ বছরের মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কাউছার। ভয়ে আমি এতদিন বিষয়টি কাউকে বলিনি। সে একজন দুশ্চরিত্র লোক। আমি সরকারের কাছে এই লম্পটের কঠোর বিচার চাই।’

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে কাউছার বলেন, ‘আমি জামায়াতের একজন সক্রিয় কর্মী। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে আমাদের প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করায় একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে ওই নারীকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে।’

চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ জানান, বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছেন। তদন্তে কাউছার দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি যদি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হয়, তবে ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বেশ কয়েকদিন পর অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর