প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৬

৩০ জানুয়ারি নোয়াখালী আসছেন জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, সদর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম বড় ধরনের নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) নোয়াখালী সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সফরকালে তিনি জেলা শহরের ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা আমির ইসহাক খন্দকার। তিনি জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে নোয়াখালীতে এটিই হবে জামায়াত আমিরের প্রথম বড় কোনো নির্বাচনি রাজনৈতিক সমাবেশ।

নির্বাচনকে সামনে রেখে এই সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের ইউনিটগুলোতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, জনসভা থেকে ডা. শফিকুর রহমান দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে দলের অবস্থান, সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা এবং ইসলামি রাজনীতি নিয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসহাক খন্দকার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমিরে জামায়াতের আগমনকে সফল করতে প্রশাসনিক প্রস্তুতিসহ মাঠ পর্যায়ের সব ধরনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ৩০ জানুয়ারির এই জনসভা নোয়াখালীর রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় সমাবেশে পরিণত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনি প্রচারণা জোরদার করেছে। নোয়াখালীর এই জনসভাকে দলটির নেতাকর্মীরা সেই প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর