
উপজেলা প্রতিনিধি, সদর :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৮ পরিকল্পনা বাস্তবায়ন ও জন-জিজ্ঞাসা ও আলাপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ জন-জিজ্ঞাসা ও আলাপ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, মাওলানা শহিদুল ইসলাম।
সভায় বক্তাগণ তাদের বক্তব্যে জানান বিএনপির ৮টি গুরুত্বপূর্ণ পরিকল্পনার মধ্য রয়েছে, মেধাভিত্তিক সরকারি নিয়োগ প্রক্রিয়া চালু করা, উন্নয়ন প্রকল্পসমূহে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান, তথ্যপ্রযুক্তি খাতে নতুন শিল্প ও উদ্যোগ গড়ে তোলা, বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টার স্থাপন, সবার জন্য সহজলভ্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা, চাহিদাভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন৷
এছাড়াও সভায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড (কৃষক কার্ড), সকল ধর্মীয় উপাসনালয়ের ইমাম, খতিব, পুরোহিতদের জন্য ভাতা প্রদানসহ অন্যান্য জনকল্যাণমূলক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে আজাদ ভূঁইয়া, আবু নাসের মঞ্জু, ইকবাল হোসেন মজনু, সুমন ভৌমিক, নুশরাত রুমু, গোলাম কিবরিয়া রাহাত সহ সাধারণ জনগণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্যানেল আলোচকরা তার জবাব দেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :