
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে একটি নতুন গোষ্ঠী সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে—যার উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দ্বীপ উপজেলা হাতিয়ার সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, “গত ১৫ থেকে ১৬ বছর ধরে এ দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত।
আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এসব করেছে, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে।”
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, “শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না।
ভোটকেন্দ্রে থাকতে হবে, ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সবার—সব ধর্ম, সব শ্রেণির মানুষের। একসঙ্গে থেকেই এই দেশকে গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।”
হাতিয়ার দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, “সমস্যার স্থায়ী সমাধান করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই এলাকার মানুষ অনেক জনপ্রতিনিধিকে দেখেছে, কিন্তু তারা নদীভাঙন রোধ, বেড়িবাঁধ কিংবা বল্কবাঁধের মতো মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি। আমরা ইনশাআল্লাহ এসব কাজ করব।”
তিনি আরও ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধাপে ধাপে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তবে এজন্য জনগণেরও দায়িত্ব রয়েছে—ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।
জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :