
উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পাটওয়ারীর হাট ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী হাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত আনুমানিক দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে কবিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবার দিনমজুর মো. জাকের হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন বসতঘরটি গ্রাস করে নেয়। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ওই বসতঘরে মো. জাকের হোসেন সহ তার তিন ভাইয়ের পরিবার এবং মানসিক প্রতিবন্ধী মা বসবাস করতেন। আগুনে সবকিছু হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে।
জাকের হোসেনের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার দুই নাবালক সন্তান, প্রতিবন্ধী শাশুড়ি ও দেবরদের নিয়ে তারা এখন কোথায় যাবেন,তা বুঝতে পারছেন না। তিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
খবর পেয়ে নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে এলাকাবাসী সহ প্রতিবেশীরা বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। বসতঘর ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই। তারা কবিরহাট উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :