
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন আল-আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী এক বিশাল ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ও শনিবার উপজেলার ১নং ওয়ার্ডের দারুল ফালাহ মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অফুরন্ত ব্লাড ব্যাংকের সার্বিক পরিচালনায় আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আনফাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহিম, কার্যকরী পরিষদের সভাপতি হেদায়েত উল্লাহ মামুন, সহ-সভাপতি শাহ আলম সেলিম, সেক্রেটারি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন এবং অফুরন্ত ব্লাড ব্যাংকের সভাপতি ফারুক নোয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন আল-আনফাল ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ শাকিল, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী তন্ময়সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, মুমূর্ষু রোগীদের জরুরি প্রয়োজনে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। রক্তের সংকট মোকাবিলায় ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন :