• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৬

অবাধ-সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র টেকসই নয়: ছাইফ উল্লাহ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চাটখিল উপজেলার স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টে নোয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের আংশিক নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মাওলানা ছাইফ উল্লাহ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কথা তুলে ধরাই গণমাধ্যমের মূল দায়িত্ব।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালী-১ আসনের মানুষ সুশাসন, ন্যায়ভিত্তিক রাজনীতি ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রত্যাশা করে আসছে। ১১ দলীয় জোট ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে সেই প্রত্যাশা বাস্তবায়নে নির্বাচনী মাঠে রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ এ আসনে ন্যায়, সততা ও ইনসাফের রাজনীতির বিজয় হবে।

নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সাংবাদিকরা স্থানীয় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট, নির্বাচনী মাঠের বাস্তব চিত্র, প্রশাসনিক হস্তক্ষেপের আশঙ্কা এবং মাঠ পর্যায়ে সাংবাদিকদের কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেসব বিষয় তুলে ধরেন।
প্রার্থী এসব বিষয়ে গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতামত বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত সাংবাদিকরা এটিকে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর