• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৬

ভোটকেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ লক্ষ্যে বাহিনীটি নির্বাচনকালীন সময়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে।

সোনাইমুড়ী উপজেলায় অবস্থানরত সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর রেজাউর রহমান বাপ্পী শনিবার (৩১ জানুয়ারি) সকালে সোনাইমুড়ী মডেল মসজিদের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান।
মেজর বাপ্পী বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও ভোটাধিকার হরণের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনকালীন সেনাবাহিনীর ভূমিকা স্বাভাবিক সময়ের চেয়ে ভিন্ন হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিন্দুমাত্র অবনতি ঘটতে দেওয়া হবে না।

তিনি জানান, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আগামী ২ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর শো-ফোর্স ও নিয়মিত টহল কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ৪ ও ৫ ফেব্রুয়ারি মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো হবে।
নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে আনসার, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

কেউ ভোট দিতে বাধা দিলে তাৎক্ষণিকভাবে টহল দল ব্যবস্থা নেবে। গুজব ছড়ানো বা আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টার ক্ষেত্রেও দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সোনাইমুড়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন নাবিল আহম্মেদ বলেন, বজরা, আমিশাপাড়া ও সোনাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাধারণ মানুষ যেন পরিচয় গোপন রেখে তথ্য দিতে পারেন, সে জন্য একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে। তথ্য দেওয়ার জন্য একটি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে—০১৭৬৯৩৩১৫১৯।

তিনি আরও জানান, নির্বাচনের দিন যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় কুইক রিঅ্যাকশন ফোর্স প্রস্তুত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সংবেদনশীল তথ্য প্রচারের ক্ষেত্রে যাচাই-বাছাই করার পাশাপাশি গুজব প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর