
উপজেলা প্রতিনিধি, সদর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, নির্বাচনকালীন প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সামরিক ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে নোয়াখালী জেলা পরিদর্শন করেছেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. নাজিম-উল-দৌলা, এসসিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নোয়াখালী সফরকালে তাঁকে স্বাগত জানান ৩৩ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম, এডব্লিউসি, সিএসসি। এ সময় তিনি দায়িত্বপূর্ণ এলাকায় চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং মোতায়েনরত বাহিনীর প্রস্তুতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সামরিক ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনকালীন প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পারস্পরিক সমন্বয় বিষয়ে আলোচনা করেন।
সভায় জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, জয়েন্ট ডিরেক্টর ডিএসআই, কোম্পানি অধিনায়ক র্যাব–১১, নোয়াখালী সদর উপজেলার ইউএনও, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, কোস্টগার্ডের প্রতিনিধি এবং সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি এবং কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :