প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কর্মস্থলে নেই শিশু বিশেষজ্ঞ; প্রাইভেট চেম্বারে ব্যস্ত থাকার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সদর :

সরকারি আদেশে বদলি হওয়ার পরও টানা দুই মাস ধরে নতুন কর্মস্থলে যোগদান না করে অনুপস্থিত রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলাউদ্দিন—এমন অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু)। তবে কর্মস্থলে অনুপস্থিত থেকে তিনি নিয়মিত প্রাইভেট চেম্বার পরিচালনা করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এবং নোয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় তিনি এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এর ফলে সরকারি স্বাস্থ্যসেবায় মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা, বিশেষ করে শিশু রোগীরা।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালের দায়িত্বে অবহেলা করে প্রাইভেট চেম্বারে অধিক মনোযোগ দেওয়ার কারণে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

নোয়াখালীর বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ মনে করছেন, এ ঘটনা স্বাস্থ্যখাতে গুরুতর শৃঙ্খলাভঙ্গ এবং নৈতিকতার পরিপন্থী। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নোয়াখালীর সর্বস্তরের সাধারণ জনগণ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সরকারি চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলা এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা অনিয়ম বন্ধ করা হোক।

তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর