
ফেনী প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ ফেনী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফেনী জেলার ৪২৮ টি ভোটকেন্দ্রে মোট ৫৫৬৪ জন আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার ভিডিপি সদস্য সদস্যা মোতায়েন থাকবে; যার মধ্যে অস্ত্রসহ তিনজন এবং দুইজন সদস্য সুরক্ষা এপসে এন্ড ইউজার হিসেবে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের খারাপ পরিস্থিতি উদ্ভব হলে সাথে সাথে রিপোর্ট করবেন। নির্বাচনকালীন নিরাপত্তা, পেশাদারিত্ব এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাহিনীর দৃঢ় অবস্থান তুলে ধরাই ছিল এই সমাবেশের মূল প্রতিপাদ্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লার সম্মানিত রেঞ্জ কমান্ডার জনাব মোহা: মাহবুবর রহমান, পিএএমএস, পিভিএমএস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন সুলতানা, পরিচালক, লক্ষীপুর আনসার ব্যাটালিয়ন মহোদয়।
সমাবেশে প্রদত্ত দিকনির্দেশনামূলক বক্তব্যে কুমিল্লার রেঞ্জ কমান্ডার জনাব মোহা: মাহবুবুর রহমান নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল পাহাড়ের ন্যায় দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
তিনি বলেন, “নির্বাচনী সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যেকোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে, যাতে দ্রুত টহল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে।” তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার–ভিডিপি সদস্যের মধ্যে দুইজন সদস্য সরাসরি নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করবেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা কমান্ড্যান্ট থেকে শুরু করে আনসার–ভিডিপি সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। এ ব্যবস্থার ফলে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন প্রভাবিত করার সুযোগ থাকবে না—এ কথা তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।
লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা বলেন, “দীর্ঘ সময় দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় শারীরিকভাবে সুস্থ, প্রশিক্ষিত ও স্মার্ট সদস্যদেরই এবারের নির্বাচনী দায়িত্বে বাছাই করা হয়েছে।” তিনি জোর দিয়ে উল্লেখ করেন, “দেশ ও বাহিনীর পতাকাকে সমুন্নত রেখে রাষ্ট্রের অর্পিত এই পবিত্র দায়িত্ব এবং জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করাই সকল সদস্যের প্রধান কর্তব্য।” একই সঙ্গে তিনি বলেন, আনসার–ভিডিপি শুধু নির্বাচনকালীন দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবী শক্তি হিসেবে সদা প্রস্তুত একটি বৃহৎ ও সম্ভাবনাময় বাহিনী, যা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
ফেনীর জেলা কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন প্রত্যাশা ব্যক্ত করেন যে, পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আনসার–ভিডিপি সদস্যরা আগামীতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই প্রস্তুতিমূলক সমাবেশ নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা, গণতন্ত্রের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার–ভিডিপির ভূমিকার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে—যার সুদূরপ্রসারী প্রভাব ভবিষ্যতের যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় এই বাহিনীকে আরও নির্ভরযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার আভি কর্মকর্তা আমির হোসেন, দাগনভূঞা উপজেলার আভি কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলার উপজেলা আভি কর্মকর্তা জনাব শামীম আরা, ছাগলনাইয়া উপজেলার উপজেলা আভি কর্মকর্তা প্রিভেল মাহমুদ এবং পরশুরাম উপজেলার উপজেলা আভি কর্মকর্তা আবুল বাসারসহ উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক, উপজেলা প্রশিক্ষক সাখাওয়াত হোসেন, উপজেলা প্রশিক্ষক রুবেল, উপজেলা প্রশিক্ষক আবু সাইদ মাতুব্বর, উপজেলা প্রশিক্ষিকা পারভীন, উপজেলা প্রশিক্ষিকা ইসমত আরা, উপজেলা প্রশিক্ষিকা রহিমা খাতুন, এবং ব্যাটালিয়ন আনসার সদস্য ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ফেনীতে সরাসরি উপস্থিতির পাশাপাশি মাল্টিমিডিয়া প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে মহাপরিচালকের বক্তব্য শুনানো হয়। এছাড়া আজ থেকে ফেনী জেলার ছয়টি উপজেলায় আনসার ব্যাটালিয়নের ১৩টি সেকশন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা কাজ করবে।
আপনার মতামত লিখুন :