
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও নির্বাচন সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নৌ ও স্থলপথে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে।
বুধবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নির্ধারিত কেন্দ্রে রওনা দেন। দুর্গম চরাঞ্চল ও বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় পৌঁছাতে ট্রলার, সিট্রাক ও বিশেষ নৌযান ব্যবহার করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা নির্বাচন অফিস জানায়, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন চরাঞ্চলে নির্বাচন পরিচালনা বড় চ্যালেঞ্জ হলেও সমন্বিত উদ্যোগে সব কেন্দ্রে সময়মতো সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।
ভোটের দিন নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নজরদারি ও প্রস্তুতির ফলে হাতিয়ায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :