• ঢাকা
  • রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

হাতিয়ায় নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপি প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম। শুক্রবার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাহবুবের রহমান শামীম দাবি করেন, নির্বাচনের আগে ও পরে বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে লুটতরাজ, কর্মীদের খুঁজে বের করে মারধর এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে আটকের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, শুরু থেকেই নৌবাহিনী ও কোস্টগার্ড পক্ষপাতমূলক আচরণ করেছে। তাদের বিরুদ্ধে বিএনপি কর্মীদের নাম ধরে মাইকিং করে খুঁজে বের করে নির্যাতন এবং নির্বাচনের আগের রাতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ তোলেন তিনি। বুড়িরচরে এক জনপ্রতিনিধি ও পৌরসভার কয়েকজনকে আটকের পর অনুরোধে ছেড়ে দেওয়ার ঘটনাও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানান তিনি।

নির্বাচনের পর নিঝুমদ্বীপসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের বাড়িতে তল্লাশি ও যুবদল নেতা মোতালেবকে মারধরের অভিযোগ করেন এই প্রার্থী।

আরও পড়ুন