• ঢাকা
  • রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের পর সৌহার্দ্য: ইসহাক খন্দকারের বাড়িতে বিজয়ী মো. শাহজাহান

উপজেলা প্রতিনিধি, সদর :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে পরাজিত জামায়াত প্রার্থী ইসহাক খন্দকার-এর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজয়ী বিএনপির প্রার্থী মো. শাহজাহান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরে অবস্থিত ইসহাক খন্দকারের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে তারা কুশল বিনিময়ের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচনে জয়লাভের পর নিজ উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসভবনে যান মো. শাহজাহান। সাক্ষাৎকালে উভয় নেতা নোয়াখালী-৪ আসনের উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের ১৯৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান।

সাক্ষাৎকালে মো. শাহজাহান বলেন, নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ; এখন সময় সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার।  রাজনৈতিক ভিন্নতা ভুলে উন্নয়ন ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

পরাজিত প্রার্থী ইসহাক খন্দকার ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবেন।
স্থানীয় নেতাকর্মীরা ঘটনাটিকে রাজনৈতিক সৌহার্দ্য, সহনশীলতা ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

আরও পড়ুন