
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়া উপজেলা বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্রামের আলাদি বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং ভেতরের আসবাবপত্র তছনছ করা হয়। কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের দাবি, বিজয় মিছিল থেকে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরাই এ হামলায় জড়িত। বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং রাজনৈতিকভাবে ভয়ভীতি সৃষ্টি করতেই এই ভাঙচুর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, তাদের দলের কেউ এ ঘটনায় জড়িত নয় এবং তারা কোনো ধরনের সহিংসতা সমর্থন করেন না। বরং বিভিন্ন স্থানে তাদের দলের কর্মীদের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেখানে উভয় দলের নেতাকর্মীরা জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিএনপির কার্যালয়ে ভাঙচুরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।
এ ছাড়া শনিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের শান্তি বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সালাউদ্দিন, নবির, আলাউদ্দিন, আব্দুল হাকিম ও মেহেদী হাসানসহ পাঁচজন আহত হন। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাৎক্ষণিকভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে আহতদের দেখতে যান ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম। তিনি এ হামলার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।
সাম্প্রতিক এসব ঘটনায় হাতিয়ার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :