• ঢাকা
  • রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের পরও মানুষের দ্বারে বিএনপি, বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় সারা দেশের মতো নোয়াখালীর সুবর্ণচরেও বইছে আনন্দের জোয়ার।

পঞ্চম বারের মতো নোয়াখালী-৪ (সুবর্ণচর-সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঐতিহাসিক এই বিজয় উদযাপন উপলক্ষে দিনব্যাপী সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মসজিদ মার্কেট এলাকায় বিএনপি নেতা–কর্মীরা ব্যতিক্রমীভাবে মিষ্টি বিতরণের আয়োজন করেন।

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমনের উপস্থিতিতে বিএনপি নেতা–কর্মীদের মধ্যে মো. শাহাদাত হোসেন রাজু, মো. মোস্তফা ইঞ্জিনিয়ার, জিয়াম হোসেন রনি, রবিউল আলম, মো. সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতা–কর্মীরা বলেন, “আমরা বিজয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই। ভোটের সময় যেমন সবার দরজায় দরজায় গিয়ে ভোট চেয়েছি, এখন বিজয়ের পরও সবার দরজায় দরজায় গিয়ে মিষ্টি বিতরণ করেছি। এই উৎসাহের মিষ্টি পেয়ে এলাকাবাসী খুবই আনন্দিত।”

মো. শাহাদাত হোসেন রাজু বলেন, “এই মিষ্টি বিতরণের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। সমাজের প্রায় ৪ শত পরিবারের মাঝে ৩ হাজার মিষ্টি বিতরণ করেছি। এমন উদ্যোগে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আরও দৃঢ়ভাবে ভোগ করতে পারবে। আমাদের মা–বোনরাও স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন।”

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমন বলেন, “নির্বাচন উপলক্ষে এজেন্ট ও কর্মীদের কিছু অর্থ দেওয়া হয়েছিল। তারা সেই অর্থ জমিয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশের আর কোথাও হয়েছে কি না, আমার জানা নেই। এই প্রশংসনীয় উদ্যোগের জন্য সবার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

আরও পড়ুন