
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় মৎস্য খামারের মাটি কাটাকে কেন্দ্র করে এক ভেকু (এসকেভেটর) চালককে বেধড়ক পিটিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে হামলাকারীরা ভেকু মেশিনে ভাঙচুর চালায় এবং চালককে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী মো. সোহাগ (৩৪) বাদী হয়ে সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম তোতাকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার চরবালুয়া ৬ নম্বর ওয়ার্ডের তিনের খালের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সোহেল নামের এক ব্যক্তির জমিতে মাছের খামার তৈরির জন্য মাটি কাটার কাজ করছিলেন সোহাগ। এ সময় ইব্রাহিম তোতার নির্দেশে ১০-১৫ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও স্টিল পাইপ নিয়ে এসে কাজ বন্ধ করতে বলে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা সোহাগকে গাড়ি থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে অভিযুক্ত রিপন ভেকুর চাবি ছিনিয়ে নেয়। পরে রড ও পাইপ দিয়ে এসকেভেটর মেশিনে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
ভুক্তভোগী সোহাগ অভিযোগ করেন, ৫ লাখ টাকা না দিলে তাকে এলাকায় কাজ করতে দেওয়া হবে না। পুনরায় কাজ করতে এলে কেটে টুকরো টুকরো করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা-র চরবালুয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক শিমুল জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :