
উপজেলা প্রতিনিধি, সদর :
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারকে ঘিরে হঠাৎই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে তার মৃত্যুর খবর ভাইরাল হলে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় উদ্বেগ ও বিভ্রান্তি।
তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। হারুন কিসিঞ্জার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং জীবিত রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত কয়েক দিনের তুলনায় এখন তার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে রুবেল খন্দকার। রোববার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, কিছু অসাধু ও ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা। তিনি আরও জানান, তার বাবা আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। একই সঙ্গে এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানান।
নব্বই দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখনো দর্শকের মনে উজ্জ্বল।
আপনার মতামত লিখুন :