• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মাইজদীতে ব্যাংক কর্মকর্তার ৭ বছরের জেল, ১ কোটি ৪৩ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সদর :
তছরুপ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)–এর সাবেক কর্মকর্তা কাজী মাহফুজুর রহমানকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলার বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাহফুজুর রহমান ইউসিবির মাইজদী কোর্ট শাখার সাবেক সিনিয়র অফিসার। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর মির্জাপুর গ্রামের বাসিন্দা।

আদালতের রায়ে তিনটি ধারায় সাজা দেওয়া হয়। এর মধ্যে দুটি ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৪৩ টাকা জরিমানা করা হয়েছে।

দুদকের তদন্তে জানা যায়, আসামি ইউসিবির ফেনী শাখায় কর্মরত থাকাকালে ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যাংকের নিজস্ব পাসওয়ার্ড ও আইডি ব্যবহার করে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করেন। জালিয়াতির মাধ্যমে একটি সঞ্চয়ী হিসাব খুলে ব্যাংকের জিএল অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায়।

মামলার অপর পাঁচ আসামি—কাজী সাইফুর রহমান, আজাদ রাকিব, নাজমা হক, মফিজুল ইসলাম খন্দকার ও মো. ছালা উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
রায় ঘোষণার সময় প্রধান আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর