
সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কী করবেন, তিনি কি সরকারি বাসভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন—এমন নানা প্রশ্ন ও আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে। গত ১৭ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করার পর অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু স্থিরচিত্র। যেখানে প্রধান উপদেষ্টার নীরব বিদায়ের ইঙ্গিত দেওয়া হয়। আদৌ কি এগুলো সত্য?
যমুনায় বর্তমান অবস্থা
চব্বিশের গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তিন দিন পর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সাধারণত গণভবনই সরকারপ্রধানের বাসভবন হয়ে থাকে, কিন্তু ৫ আগস্টের ছাত্র-জনতার ক্ষোভের মুখে গণভবন ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ফলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে।
বর্তমানে নতুন সরকার গঠিত হওয়ায় অধ্যাপক ইউনূসকে এই ভবনটি ছেড়ে দিতে হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, অধ্যাপক ইউনূস এখনো যমুনাতেই অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন ঠিকানা
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তাঁর বাসভবন নির্ধারণ করেছেন। ডিএমপি কর্মকর্তা মীর আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কার কাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।’
অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে, ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব।’
কবে নাগাদ নিজের বাসায় ফিরছেন অধ্যাপক ইউনূস?
অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়েসহ যমুনাতেই অবস্থান করছেন। মূলত গুলশানে তাঁর নিজের বাসার কিছু সংস্কার বা ‘রিনোভেশন’ কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আরও এক সপ্তাহ যমুনাতে থাকতে পারেন। কাজ শেষ হলেই তিনি স্থায়ীভাবে গুলশানের বাসায় ফিরে যাবেন।
অধ্যাপক ইউনূস দেশেই থাকছেন কি না, সেই সংশয় দূর করে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, তিনি বাংলাদেশেই অবস্থান করছেন। তবে মার্চের তৃতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিতে তাঁর জাপান যাওয়ার কথা রয়েছে। এই সফরটি তিনি প্রধান উপদেষ্টা থাকাকালীনই নির্ধারিত হয়েছিল।
আগামী সপ্তাহ থেকেই অধ্যাপক ইউনূস তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘ইউনূস সেন্টার’-এ নিয়মিত অফিস শুরু করবেন। বর্তমানে যমুনায় বসেই তিনি তাঁর ব্যক্তিগত কাজগুলো পরিচালনা করছেন।
ইউনূস সেন্টারে ফিরছে ‘থ্রি জিরো’র ব্যস্ততা
সদ্যবিদায়ী এই সরকারপ্রধান আবারও তাঁর বিশ্বব্যাপী পরিচিত ‘থ্রি জিরো’ কনসেপ্ট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তাঁর এই দর্শনের মূল ভিত্তি হলো—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ।
যদিও অধ্যাপক ইউনূস নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি, তবে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেওয়ার আমন্ত্রণ তাঁর কাছে জমা রয়েছে। আপাতত মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে ৫ দিনের সফরে তিনি টোকিও যাবেন। সেখানে লেকচার প্রদান ও বিভিন্ন কোলাবোরেশন মিটিং শেষে তিনি পুনরায় দেশেই ফিরবেন।
আপনার মতামত লিখুন :