
উপজেলা প্রতিনিধি, সদর :
২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাইজদীতে শহীদ মিনার চত্বর সাজানো হয়েছে। প্রভাত ফেরি শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা অঙ্কন, রং-তুলি দিয়ে সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে।
পুরো প্রাঙ্গণকে উৎসবমুখর পরিবেশে সাজাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিল সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং নোয়াখালী পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আলপনা অঙ্কনের পরিকল্পনায় ছিলেন শিল্পী আজিজুল হক মানিক। শহীদ মিনারের সামনে রঙিন আলপনায় ফুটে উঠেছে ভাষা আন্দোলনের চেতনা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের নানা প্রতীক।
প্রতিবছর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রভাত ফেরি, শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রাত ১২টা ০১ মিনিট থেকে শুরু করে দিনভর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আপনার মতামত লিখুন :