
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলা আমিশাপাড়াএলাকায় এক পোল্ট্রি ফার্মে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে খামারটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন (৫৫)।
ঘটনাটি ঘটে( ২০ ফেব্রুয়ারি) ২০২৩ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন-এর বটগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বটগ্রামের বাসিন্দা জাকির হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশে তাঁর মালিকানাধীন ‘জাকির হোসেন পোল্ট্রি ফার্ম’ অবস্থিত। অভিযোগ অনুযায়ী, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে খামারটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশী মনির হোসেন (৪০) দ্রুত খামার মালিককে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অল্প সময়ের মধ্যেই পুরো ফার্মটি ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডে খামারের অবকাঠামো ও সরঞ্জামসহ প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমি একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কে বা কারা আমার তিল তিল করে গড়া স্বপ্ন পুড়িয়ে দিল বুঝতে পারছি না। এই ক্ষতি কাটিয়ে ওঠা আমার জন্য অত্যন্ত কঠিন।
ঘটনার পর স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে তিনি সোনাইমুড়ী থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করা হলে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব। ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :