• ঢাকা
  • শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানে কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
পবিত্র মাহে রমজানকে উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম। এ সময় বাজারের বিভিন্ন মুদি, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান পরিদর্শন করা হয়। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়।

পরিদর্শনকালে দেখা যায়, কয়েকজন বিক্রেতা সরকার নির্ধারিত মূল্য তালিকা দোকানে প্রদর্শন করেননি। এছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রিরও অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ জন বিক্রেতাকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, রমজান মাসে চাহিদা বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা বাধ্যতামূলক। নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। বাজারে উপস্থিত সাধারণ ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং রমজানজুড়ে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর