
উপজেলা প্রতিনিধি, সদর :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার কাওছারী আক্তার ও সেজান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ভাষাশহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী রফিক উল্লাহ। এছাড়া সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফাত্তাহিল আলিম, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক চর্চা নিশ্চিত করতে হবে। প্রজন্মের পর প্রজন্মকে ভাষাশহিদদের আত্মত্যাগের ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে মহান শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে মাইজদীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
আপনার মতামত লিখুন :