
উপজেলা প্রতিনিধি, সদর
২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে মাইজদী কেন্দ্রীয় শহিদ মিনারে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নোয়াখালী পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন**সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা স্কাউটসের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম -এর নেতৃত্বে জেলা স্কাউটসের পক্ষ থেকেও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একই সময়ে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নোয়াখালী পৌরসভার প্রশাসক মিজ ফেরদৌসী বেগম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা হাসান বসরি**সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :