
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় কোম্পানীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য **মোহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “৫২-এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের চিরকাল কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। একুশের চেতনাকে বুকে ধারণ করে আমাদের দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যেতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ভাষা শহিদদের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত। নতুন প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আপনার মতামত লিখুন :