• ঢাকা
  • রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কবিরহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালে এই দিনে রাস্তায় প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। আজ সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে সেই কালজয়ী গান— “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?”

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কবিরহাট উপজেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুষ্প চাকমা।
এছাড়া উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার।”

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর