প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

হাতিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলা-তে অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার জাহাজমারা ইউনিয়নে অবস্থিত মেসার্স এম এফ এফ ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(২) ও ৮(৩) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত অনিয়মের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, “অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমও চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটার ধোঁয়া ও মাটিকাটার কারণে আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইন অমান্য করে পরিচালিত অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর