
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পবিত্র রমজানের ৫ম দিনে কবিরহাটের ঐতিহ্যবাহী জামিয়া রাহীমিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করে ‘অফুরন্ত ব্লাড ব্যাংক’ চাপরাশিরহাট ইউনিট।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আবু বক্কর সিদ্দিক। অফুরন্ত ইউথ অর্গানাইজেশনের আজীবন সদস্য শেখ শাদী ভূঁইয়া বাবুর সভাপতিত্বে এবং অফুরন্ত ব্লাড ব্যাংক চাপরাশিরহাট ইউনিটের সভাপতি আবদুর রহিম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তারেক আজিজ রনি ও জিয়াউদ্দিন, মাওলানা ইয়াসিন মোল্লা, অফুরন্তের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক নোয়া, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম এবং সদস্য জসীমউদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রহমান।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ইফতার ভাগাভাগি করা একটি মহৎ উদ্যোগ। তারা আরও বলেন, অফুরন্ত ব্লাড ব্যাংকের চাপরাশিরহাট ইউনিয়নকে মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও যেকোনো ধরনের অপকর্ম প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তারা।
ইফতার মাহফিলে মাদ্রাসার প্রায় দেড় শতাদিক শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সুধীজন এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :