• ঢাকা
  • বুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে র‌্যাবের অভিযান: ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে র‌্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে নিজস্ব প্রাইভেটকারে কক্সবাজার থেকে আনা ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়নপুর গ্রামের মো. হারুন ভূঁঞা (৪০)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
এর আগে, সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারে নাছির উদ্দিনের ফলের আড়তের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬ নম্বরের একটি টয়োটা কালো প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।  তল্লাশিকালে ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৮ হাজার ৮৪০ পিস। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক পাচার রোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর