
উপজেলা প্রতিনিধি, চাটখিল :
নারী স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে নোয়াখালীর চাটখিলে শুরু হয়েছে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. তিথি আজিজ, সিআইপিআরবি-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আলতাফুর রহমান, লেবার ওয়ার্ড ইনচার্জ কামরুন্নাহারসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ ফিস্টুলামুক্ত করার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য অর্জনে ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত ২০ দিনব্যাপী চাটখিল উপজেলায় এ ক্যাম্পেইন চলবে।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে সম্ভাব্য ফিস্টুলা রোগীর তথ্য সংগ্রহ করবেন। সন্দেহভাজন রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে রেফার করা হবে। সেখানে রোগীরা বিনামূল্যে চিকিৎসা, যাতায়াত খরচ ও পুনর্বাসন সহায়তা পাবেন।
ইউএইচএফপিও ডা. খোন্দকার মোস্তাক আহম্মেদ বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধ, বাড়িতে প্রসব নিরুৎসাহিত করা এবং হাসপাতালে প্রসবকে উৎসাহিত করা প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, কেউ যদি কোনো ফিস্টুলা রোগীর সন্ধান দেন, তাঁকে নগদ এক হাজার টাকা সম্মানী প্রদান করা হবে। বিনামূল্যে সেবার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭১২-২৩৮৪৯৭ নম্বরে।
উল্লেখ্য, ফিস্টুলা রোগী শনাক্তের সহজ উপায় হলো—প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা (অথবা উভয়ই) ঝরতে থাকা, যা সাধারণত বিলম্বিত প্রসব বা অপারেশনের পর শুরু হয়।
আপনার মতামত লিখুন :