• ঢাকা
  • বুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে উপজেলা প্রশাসনের সঙ্গে জয়নুল আবদিন ফারুকের মতবিনিময় সভা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সেনবাগ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নূর পেয়ারা বেগম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

সভায় আরও উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, এলজিইডি প্রকৌশলী সাবিনা ইয়ামিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল হক, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার মিনারুল ইসলাম, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
মতবিনিময় সভায় এমপি জয়নুল আবদিন ফারুক বলেন, “অতীতের সকল ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি শোষণমুক্ত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের আইনশৃঙ্খলা, মাদক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমও এসব বিষয়ে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রাখার আশ্বাস দেন।

জয়নুল আবদিন ফারুক আরও জানান, সরকারের উদ্যোগে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া ঈদের আগে বিজিএফ কার্ড বিতরণ এবং একশ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর