প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য চলবে না, মাটি খেকোদের ছাড় নেই – ব্যারিস্টার খোকন

মোহাম্মদ হানিফ ,স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ীতে চাঁদাবাজি, অবৈধ মাটি কাটা ও থানাকেন্দ্রিক সালিশ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার উদ্দিন মাহবুব উদ্দিন খোকন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এলাকায় কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বা প্রভাব খাটিয়ে অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সোনাইমুড়ীস্থ বীরবিক্রম শহীদ মোজাফফর আহমেদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন বলেন, সোনাইমুড়ীতে কোনো চাঁদাবাজির স্থান নেই। যারা চাঁদাবাজিতে জড়িত থাকবে, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিশেষ করে ফসলি জমির মাটি কেটে অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের (মাটি খেকো) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

পুলিশ প্রশাসনের প্রতি তিনি আরও বলেন, থানায় কোনো ধরনের সালিশ বাণিজ্য চলবে না। রাজনৈতিক পরিচয়ে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ মানুষ। তাই সরকারি সেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

উন্নয়ন ও জবাবদিহিতায় জোর সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার। তিনি উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, সোনাইমুড়ীকে একটি আধুনিক ও সুশাসিত উপজেলায় রূপান্তর করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন গড়াই আমাদের লক্ষ্য।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হানিফ মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে দলমত নির্বিশেষে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাঁদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি প্রণোদনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে এমপি ব্যারিস্টার খোকন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে সোনাইমুড়ীকে দুর্নীতি ও অনিয়মমুক্ত, উন্নয়নবান্ধব উপজেলায় গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর