
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মোহাম্মদীয়া ব্রিকফিল্ডকে ঘিরে বকেয়া টাকা ও দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের অভিযোগ, তাদের প্রায় ৮ কোটি টাকা আটকে রেখে একটি পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
বুধবার সকালে নবীর দোকান সংলগ্ন ব্রিকফিল্ডের সামনে “মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের পাওনা টাকা দাবিদারের সম্মানিত গ্রাহকবৃন্দ” ব্যানারে শতাধিক ব্যক্তি মানববন্ধনে অংশ নেন। তারা দ্রুত বকেয়া টাকা পরিশোধ ও অভিযোগ তদন্তের দাবি জানান।
পাওনাদারদের বক্তব্য অনুযায়ী, ইটের ফরওয়ার্ড অর্ডার, অগ্রিম ক্রয়, জ্বালানি তেল, কয়লা ও মাটি সরবরাহের বিপরীতে দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে। একাধিকবার তাগাদা দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, মালিক আবুল কালাম ফারুক চেক ডিজঅনার মামলায় কারাগারে থাকার সুযোগে একটি চক্র ভূয়া কাগজপত্র তৈরি করে ব্রিকফিল্ড দখলের চেষ্টা করছে।
উল্লেখযোগ্য পাওনাদারদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকওদলের সাবেক সভাপতি মরহুম বোরহান উদ্দিন খোকন, যার প্রায় ৬২ লাখ টাকা পাওনা রয়েছে বলে পরিবারের দাবি। বসুরহাট বাজারের তানভীর ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর হোসেনের ৭১ লাখ টাকা, চরএলাহী এলাকার আনোয়ার পোল্ট্রি অ্যান্ড মৎস্য খামারের মালিক আনোয়ার হোসেনের প্রায় ৬৯ লাখ টাকা, শাহজাদপুর গ্রামের খলিল মিয়ার ১৯ লাখ টাকা এবং নুরুল হুদার ১ কোটি ৫ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানানো হয়।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) মাঈনুল হোসেন জানান, আইনশৃঙ্খলার অবনতি এড়াতে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।
আপনার মতামত লিখুন :