
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং মান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিএসটিআই-এর লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ‘তৃপ্তি বেকারী’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসুরহাট কাঁচাবাজার ও এর আশপাশের এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।।
অভিযানকালে বাজারের অধিকাংশ দোকানে মূল্য তালিকা টাঙানো অবস্থায় পাওয়া যায়, যার জন্য ব্যবসায়ীদের সাধুবাদ জানানো হয়। তবে জনৈক এক ভোক্তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাজারে অবস্থিত ‘তৃপ্তি বেকারী’-তে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত।
পরিদর্শনকালে দেখা যায়, বেকারীটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত ও মোড়কজাত করছে। ডিসপ্লেতে থাকা বেশ কিছু কেকের প্যাকেটে ক্ষতিকর ফাঙ্গাস (ছত্রাক) পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এছাড়া অন্তত ৬টি পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ এবং মূল্য লেখা ছিল না। সবচেয়ে গুরুতর বিষয় হলো, বিএসটিআই-এর কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তারা পণ্যের গায়ে বিএসটিআই-এর লোগো ও সিল ব্যবহার করে আসছিল।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫ এর আওতায় বেকারীটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্য ও আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে সহায়তা করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বিএসটিআই (BSTI)-এর ফিল্ড অফিসার জনাব মো: হাসিবুল ইসলাম। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :