
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোনায়েদ কবিরাজ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর এলাকার আনোয়ারা কমিউনিটি সেন্টারের বিপরীতে মেজবাউর রহমানের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজারের ফার্নিচার ব্যবসায়ী স্বপন কবিরাজের ছেলে এবং মাদ্রাসায়ে দারুল ঈমানের প্রথম শ্রেণির ছাত্র জোনায়েদ সকালে বাড়ির ছাদে খেলছিল। এ সময় তার হাতে থাকা ডিশ সংযোগের তার ছুঁড়ে মারলে সেটি ভবনের পাশ দিয়ে যাওয়া কভারবিহীন বিদ্যুতের লাইনে জড়িয়ে যায়। তারের অন্য প্রান্ত শিশুটির হাতে থাকায় মুহূর্তেই সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে তার শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সোনাইমুড়ী ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সোনাইমুড়ী থানা-য় হস্তান্তর করে। নিহতের বাবা স্বপন কবিরাজ জানান, তিন সন্তানের মধ্যে জোনায়েদ ছিল সবার ছোট। সকালে সে ছাদে ডিশের তার নিয়ে খেলছিল। অসাবধানতাবশত তারটি বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়,বলেন তিনি।
জানা গেছে, স্বপন কবিরাজ প্রায় ১৫ বছর ধরে পরিবারসহ ওই এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর ফিংরা গ্রামে। এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে কভারবিহীন বিদ্যুৎ লাইনের ঝুঁকি নিয়ে সচেতনতার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের লিডার কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে শিশুটি মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, অভিভাবকের লিখিত আবেদনের পর বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :