
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী পৌর রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ সৈয়দ রেজা রাব্বি মাহবুব। তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে আসা এই সংগঠক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনাইমুড়ী পৌর শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একাংশের মতে, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনি হতে পারেন সবচেয়ে গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রার্থী।
১৯৭২ সালের ১৯ জানুয়ারি এই জেলায় জন্মগ্রহণ করেন সৈয়দ রেজা রাব্বি মাহবুব। শিক্ষাজীবনেই নেতৃত্বের গুণাবলি প্রকাশ পায় তাঁর মধ্যে। খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সোনাইমুড়ী কলেজ থেকে এইচএসসি এবং চৌমুহনী এস.এ কলেজ থেকে বিএসসি সম্পন্ন করে ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে তিনি থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ১৯৯০-৯৪ মেয়াদে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় সংগঠনের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। ২০১০ সালে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১৫ সালে সদস্য সচিব নির্বাচিত হন। পাশাপাশি জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে পৌর বিএনপির সদস্য সচিব হিসেবে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখছেন। সোনাইমুড়ী বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে শিক্ষা উন্নয়নেও অবদান রেখেছেন।
পৌরবাসীর একাংশ মনে করছেন, সোনাইমুড়ী পৌরসভাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে একজন অভিজ্ঞ ও তৃণমূলঘনিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন যার বিকল্প হিসেবে সৈয়দ রেজা রাব্বি মাহবুবই সবচেয়ে এগিয়ে। তাঁদের মতে, সংগঠনের প্রতিটি স্তরে পরীক্ষিত এই নেতা মেয়র হলে পৌরসভার উন্নয়ন, সুশাসন ও সেবা কার্যক্রমে গতি আসবে।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ব্যক্তিগত সততা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে মেয়র পদে একটি শক্ত অবস্থানে রেখেছে। এখন দলীয় মনোনয়ন ও নির্বাচনী সমীকরণই নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল।
তবে একটি বিষয় স্পষ্ট সোনাইমুড়ীর রাজনীতিতে সৈয়দ রেজা রাব্বি মাহবুব এখন আর শুধু একটি নাম নন; তিনি হয়ে উঠেছেন সম্ভাবনার প্রতীক। তৃণমূলের আস্থা ও কর্মীদের সমর্থন পেলে মেয়র পদে তিনি হতে পারেন সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য মুখ।
আপনার মতামত লিখুন :