
উপজেলা প্রতিনিধি, সদর :
সোনাপুর পৌরবাজার এলাকায় বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেলা বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা উপস্থিত ছিলেন।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি দপ্তরের প্রতিনিধিগণ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি, র্যাব-১১ নোয়াখালী, ব্যাটালিয়ন আনসার, জেলা পুলিশ টিম ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মুদি দোকানসহ নিত্যপণ্যের দোকান, মাছ-মুরগি ও সবজি বিক্রয় কেন্দ্রগুলোতে তদারকি করা হয়। তদারকিকালে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাদের প্রতারণার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :