
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি নুর নবী আহমেদ। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত ২৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে অভিযোগ দাখিল করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ‘এ্যাডভোকেট রুনা লায়লা’ নামক একটি অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে সাংবাদিক নুর নবী আহমেদের ছবি ব্যবহার করে নানাবিধ কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। ওই পোস্টে অভিযোগ করা হয় যে, ৫ আগস্টের পর নুর নবী বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক সুবিধা নিচ্ছেন, সেটেলমেন্ট অফিসে দালালি করছেন এবং মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এমনকি পৌরসভার ভবন অনুমোদনের নামে টাকা গ্রহণ এবং দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজির মতো ভিত্তিহীন অভিযোগও ওই ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সাংবাদিক নুর নবী আহমেদ বলেন, “একটি চক্র পরিকল্পিতভাবে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে সামাজিক মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে। এসবের সাথে আমার কোনো দূরতম সম্পর্কও নেই। আমি স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শ ও নির্দেশনায় থানায় জিডি এবং আইসিটি অভিযোগ দাখিল করেছি। আমি এই চক্রটির পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিমল কর্মকার জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডি পরিচালনাকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :