• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

সোনাইমুড়ীতে ডোবায় ভাসল শিশুর মরদেহ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাদিয়া ৯ নম্বর দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীরাও বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরে পরিবারের পক্ষ থেকে সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার পর পিতাম্বরপুর গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী শিশুটির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর