
নিজস্ব প্রতিবেদক :
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-সহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় সাম্রাজ্যবাদবিরোধী সংগঠনসমূহের উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনুর রশিদ ভুঁইয়া। বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চা-এর কেন্দ্রীয় সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু ও সুশান্ত সিনহা সুমন। উপস্থিত ছিলেন গণমুক্তি ইউনিয়ন-এর কেন্দ্রীয় নেতা লুৎফুন্নেসা আখী।
বক্তারা ইরানে মার্কিন-ইসরায়েল হামলা এবং পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্বের নেতৃত্বদানকারী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী ইসরায়েল আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক হামলা চালিয়েছে। এতে আয়াতুল্লাহ খামেনিসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তারা অভিযোগ করেন। পাশাপাশি পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনাও তারা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে এবং বিশ্বব্যাপী পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠী বাজার দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুদ্ধ পরিচালনা করছে। সামরিক অর্থনীতি টিকিয়ে রাখতে এই যুদ্ধগুলো পরিচালিত হচ্ছে বলে তারা দাবি করেন। এর ফলে শত শত নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশকেও ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। চট্টগ্রাম অঞ্চলে সাগরে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর লিজ নেওয়ার চেষ্টা, সমরাস্ত্র কারখানা স্থাপন এবং মিয়ানমারে মানবিক করিডোরের নামে অবস্থান নেওয়ার অপচেষ্টা চলছে বলে তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী যুদ্ধের কবল থেকে মানবতা, প্রাণ, প্রকৃতি ও সভ্যতাকে রক্ষা করতে দেশে দেশে শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষসহ সাম্রাজ্যবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা বাংলাদেশের জনগণকে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে সর্বাত্মকভাবে যুক্ত থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :