
উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে একটি মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের (ব্র্যাক অফিস) সংলগ্ন মনোরঞ্জন ডাক্তার বাড়িতে পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী নারায়ণ চন্দ্র নাথ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে দাগনভূঞা থানায় মামলা করেছেন।
নারায়ণ চন্দ্র নাথ বলেন, দুবৃত্তরা লোহার গেইটের তালা কেটে মূল্যবান পিতলের বিগ্রহ, পূজার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় এবং মন্দিরের ভিতরে সিংহাসনে রক্ষিত মূল্যবান ধর্মীয় গ্রন্থসমূহ ও অন্যান্য মূল্যবান আসবাবপত্রসমূহ আগুন লাগিয়ে দেয়।
আগুনে পুড়ে সকল মূল্যবান সামগ্রী ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, মন্দিরের ভিতরে থাকা ২টি পিতলের কলসি যাহার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা, পিতলের ২টি প্রতিমা যাহার আনুমানিক মূল্য ২০ হাজার টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে যা দুর্বৃত্তরা। এছাড়াও মন্দিরের টাইলস, দেয়াল ও ফ্লোরসহ আরো লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণ রঞ্জন কুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল বলেন, এঘটনায় আমরা নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানাই। তারা আরো বলেন, ভয়ভীতি দেখানোর জন্য এমন ঘটনা ঘটাতে পারে। আমরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সবসময় পাশে আছি।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অজয় কুমার দেবসহ ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অজয় কুমার দেব বলেন, দাগনভূঞা পৌর ঐক্য পরিষদের সদস্য সচিব দিলিপ কুমার দাস, মাস্টার চন্দন কুমার দাস, মাস্টার অসীম কুমার নাথ, মাস্টার পলাশ চন্দ্র দাসসহ প্রায় ২০ জনের একটি টীম ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত ঘটনা জেনে পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সাথে ঘটনার বিষয়ে আলোচনা করেন। ইউএনও বলেছেন, তিনি ইতোমধ্যে সরকারের উচ্চমহলে বিষয়টি অবহিত করেছেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। দাগনভূঞা উপজেলা ঐক্য পরিষদের আহবায়ক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক ফেনী-৩ আসনের সাংসদ বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন এবং মন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করার আশ্বাস দিয়েছেন। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি এবং ভুক্তভোগী পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :