প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ মার্চ, ২০২৬

অবকাঠামো সংকটে নোয়াখালী সরকারি মহিলা কলেজ

উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী সরকারি মহিলা কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে জেলার মেয়েদের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি পায়। ১৯৮০ সালের ১ মার্চ জাতীয়করণের পর থেকে কলেজটিতে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজি, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স কার্যক্রম চালু রয়েছে। নোয়াখালী ছাড়াও পার্শ্ববর্তী ফেনী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরাও এখানে অধ্যয়ন করছেন। বিভিন্ন পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় প্রতিষ্ঠানটি।
দীর্ঘ সময় ধরে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কলেজটির আবাসিক সংকট প্রকট।

২০০৫ সালে হোস্টেলের একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে ১০০ শয্যার একটি ভবনে প্রায় ১৫০ শিক্ষার্থী গাদাগাদি করে অবস্থান করছেন।

কলেজের সহকারী হোস্টেল সুপার শামসুন নাহার জানান, প্রতি বছর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আবাসনের জন্য আবেদন করলেও সবার ব্যবস্থা করা সম্ভব হয় না। নতুন হোস্টেল ভবন নির্মাণ হলে এ সংকট অনেকটাই কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এ কলেজে শিক্ষকদের জন্য কোনো আবাসিক ব্যবস্থা না থাকাও একটি সীমাবদ্ধতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ছয় তলা বিশিষ্ট একটি বিজ্ঞান ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে শিক্ষার পরিবেশ আরও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।

রাজনৈতিক অস্থিরতা তুলনামূলক কম এবং নিরাপদ পরিবেশ থাকায় অনেক অভিভাবক তাদের মেয়েদের এখানে ভর্তি করাতে আগ্রহী। স্থানীয়দের মতে, অবকাঠামোর উন্নয়ন ও সরকারি তদারকি জোরদার করা হলে কলেজটি নারী শিক্ষার ক্ষেত্রে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর