
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু পরিবহন, ওভারলোডেড ড্রাম ট্রাক চলাচল এবং লাইসেন্সবিহীন ট্রাক চালনার অপরাধে ৯ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অর্থদণ্ড পরিশোধ না করায় ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বসুরহাট পৌরসভার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে অবৈধ ড্রাম ট্রাক ও লাইসেন্সবিহীন ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করছিল। বিশেষ করে বালুবাহী ড্রাম ট্রাকগুলো ধারণক্ষমতার অতিরিক্ত ওজন (ওভারলোড) নিয়ে চলাচলের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। জনস্বার্থে ও সড়ক নিরাপদ রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
এই সময় নথিপত্র বিহীন ও আইন অমান্য করে গাড়ি চালানোর অপরাধে ৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। তবে দণ্ডিতদের মধ্যে ৪ জন তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ ও ওভারলোডেড যানবাহনের দৌরাত্ম্য কমাতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :