• ঢাকা
  • সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মার্চ, ২০২৬

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ‘এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট–২০২৬’ মতবিনিময় সভা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট–২০২৬’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী এসএসসি পরীক্ষায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের লক্ষ্যে দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত কোচিং ও বিশেষ প্রস্তুতি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তুলে ধরা হয়।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আব্দুস সাত্তার বিএসসি এবং ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য পরিকল্পিত ও নিয়মিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। “এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট–২০২৬” এর মাধ্যমে সেনবাগের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে বিশেষ কোচিং প্রদান করা হবে, যাতে তারা এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল শক্তি। সেনবাগের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্প সফল করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর