• ঢাকা
  • সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মার্চ, ২০২৬

গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল :

“অধিকার. ন্যায় বিচার. কর্ম. সকল নারী ও কন্যার জন্য” (“Rights. Justice. Action. For ALL Women and Girls”) প্রতিপাদ্যের আলোকে গান্ধী আশ্রম ট্রাস্ট এর আয়োজনে জেলার সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালন করা হয়।

রবিবার ৮ মার্চ উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্ট এর প্রধান কার্যালয়ে সংহতি সমাবেশ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। গান্ধী আশ্রম ট্রাস্ট এর পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পাল এর সভাপতিত্বে এবং ট্রেনিং অফিসার মোঃ শাহজাহান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব রাহা নব কুমার ।
এসময় আন্তর্জাতিক নারী দিবসের ধারণাপত্র পাঠ করেন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ইয়ুথ গ্রুপের চেয়ারপার্সন রিংকি আক্তার।

গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এর সহকারী পরিচালক মোঃ নূর নবী সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন এর নির্বাহী পরিচালক প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন এবং উল্লেখ করেন যে, আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্যের পাশাপাশি বিশ্বব্যাপী এবারের ক্যাম্পেইন থিম হলো: “Give to Gain”  (“দেওয়ার মাধ্যমে অর্জন”)। এর মূল বার্তা হলো- সহযোগিতা ও উদারতার মাধ্যমে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা। নারীদের শিক্ষা, নেতৃত্ব, চাকরি, ব্যবসা বানিজ্যে সময় ও সুযোগ দিলে সমাজ সামগ্রিকভাবে লাভবান হয়।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলার মোহাম্মাদপুর ইউ.পি প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, ইউনিয়ন মানবাধিকার কমিটির সভাপতি কামাল মজুমদার, সহ-সভাপতি এবং সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, মোহাম্মাদপুর ইয়ুথ গ্রুপের সভাপতি আমীর হোসেন, পরকোট ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ-সভাপতি আবদুর নূর মানিক, পরকোট ইয়ুথ গ্রুপের সভাপতি মোঃ মামুন, জয়াগ ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ সভাপতি এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ লোকমান হোসেন,  জয়াগ বাজার কমিটির আহবায়ক হারুনুর রশীদ, নারী নেত্রী এবং জয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বুলু আক্তার, জয়াগ ইয়ুথ গ্রুপের সদস্য ও মানবাধিকার কর্মী বর্ষা চক্রবর্ত্তী, সাংবাদিক হান্নান শাকুর, গান্ধী আশ্রম ট্রাস্ট এর হিসাব রক্ষণ কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস, শাখা ম্যানেজার মোঃ আমির হোসেন, মানবাধিকার কর্মী দীপিকা রানী কুন্ডু, মোঃ মাহফুজ মোরশেদ প্রমুখ।

অতিথি আলোচকবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন যে, মানব সভ্যতার আধুনিক যুগে বিভিন্ন সংকট নিরসনকল্পে এবং সমস্যা সমাধানে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সেগুলোর বাস্তবায়নের ফলে মানব জাতি যখন সফলতার স্বাদ পাচ্ছে কিন্তু তারপরেও বর্তমান বিশ্বকে ভয়ংকর এক দুঃসংবাদ তাড়া করছে।

প্রতিনিয়ত কোনো না কোনো পরিবার, এলাকা বা দেশ সহিংসতার শিকার হচ্ছে বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। মুষ্টিমেয় কয়েকটি দেশ ব্যতিরেকে বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ, সহিংসতা কমবেশী লেগেই আছে। সামাজিক ক্ষেত্রেও নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে এবং নারীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বহুমাত্রিক উন্নয়ন প্রচেষ্টা গ্রহণ করার পরেও বাংলাদেশের স্বাধীনতাকে পুরোপুরি অর্থবহ করে তুলতে পারি নাই।

বিভিন্ন সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, মানুষের প্রতি মানুষের অবিশ্বাস, নীতিহীনতা, নৈতিকতার অবক্ষয়ের কারণে সমাজ ও ধর্মীয় ভিত্তিতে দুূর্বলের ওপর সবলের অত্যাচার, নির্যাতন, লুটপাট, যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ সহ নানাস্থানে খুনাখুনির ঘটনাও ঘটছে। ফলে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বেঁচে থাকার ক্ষেত্রে দেখা দেয় সংশয়, সন্দেহ, আস্থাহীনতা এবং অবিশ্বাস যা আমাদের সামগ্রিক উন্নয়ন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার এবং সামাজিকভাবে নারী-পুরুষ নির্বিশেষে একত্রে বেঁচে থাকার রাস্তায় প্রতিবন্ধকতা এবং অবিশ্বাসের জন্ম দিচ্ছে। বক্তারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনা এবং নারীদের উপর নানারকম বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলোর অবসান চান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিটের শিল্পীবৃন্দ এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর