• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ ঘঠনায় এনসিপি–বিএনপি বিক্ষোভ, সংঘর্ষে আহত ৭

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণের ঘটনার প্রতিবাদে দুই রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আলাদাভাবে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। একপর্যায়ে তাদের মিছিল কাছাকাছি চলে এলে কথা-কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, যুবদল নেতা আশিক ও সাখাওয়াত হোসেন হিরো। অন্যদিকে আহত হয়েছেন উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামত উল্লাহ নীরব ও সমর্থক জহির উদ্দিন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ৮ মার্চ হাতিয়ার তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লঞ্চের কেবিনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কৌশলে কেবিনে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি প্রকাশ পেলে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার পর অভিযুক্ত মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির উদ্দিন বলেন, বিক্ষোভ মিছিলের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর