প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৬

আন্ডারচরে শেখ হাসিনার ব্যানারে ঈদসামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমান আলী বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রবের ছোট ভাই মো. জামালের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আরাফাত বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে জড়ো হয়ে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করায় এলাকায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ক্ষুব্ধ।

তবে এ বিষয়ে জানতে ইউনিয়ন আওয়ামী লীগের অভিযুক্ত সভাপতি আব্দুর রব ও তার ভাই মো. জামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো বিষয় এখনও পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর