
স্টাফ রিপোর্টার :
নোয়াখালী পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
শনিবার দুপুরে পৌরসভার বিশ্বনাথ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আমাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে পুরো পৌর এলাকায় চলবে। প্রতি সপ্তাহের শনিবার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি জেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবে।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে পুরো পৌর এলাকা যেনো ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। ময়লার কারণে প্রধান সড়কে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। দুর্গন্ধে জনমনে অস্বস্তি দেখা দিয়েছে। আমাদের এ কার্যক্রমের উদ্দেশ্য পৌর এলাকাকে ময়লা আবর্জনা মুক্ত করা। এছাড়াও এ কার্যক্রমের উদ্দেশ্য ডেঙ্গু, চিকনগুনিয়া’সহ বায়ুদূষণ কারণে সংক্রমণ হয় এমন রোগ প্রতিরোধ করা।
এমপি পৌরবাসীর কাছে অনুরোধ করে বলেন, যত্রতত্র বাসা বাড়ি, গৃহস্থালি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা না ফেলে পৌরসভা নির্ধারিত স্থানে ফেলবেন। শহর সুন্দর থাকলে পরিবেশ ভালো থাকবে আর পরিবেশ ভালো থাকলে সবার স্বাস্থ্য ও মন সবই ভালো থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ’সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :