
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাঙরকোট পশ্চিমপাড়া বায়তুন জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় সমাজসেবক ও রাজনীতিবিদ মো. ইব্রাহীম খলিলের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মো. ইব্রাহীম খলিল ভাঙরকোট পশ্চিমপাড়া বায়তুন জামে মসজিদের সভাপতি, জয়াগ বাজার দারুল কাউমি মাদ্রাসার সদস্য এবং প্রগতি শিশু কাকন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে নেতৃত্ব দেওয়ার তৌফিক কামনা করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :